- আসসালামু আলাইকুম। আমি কুরআন ও সহিহ হাদিসের আলোকে একটি বিষয় জানতে চাই। আমি যে রুমে থাকি, সেখানে একজন হিন্দু আপু থাকেন। তাঁর পূজার একটি মূর্তি রুমের এক পাশে রাখা আছে। আমি মুসলিম এবং ওই একই রুমে নামাজ পড়ি। নামাজ পড়ার সময় মূর্তিটি আমার চোখে পড়ে না এবং আমি মূর্তির কোনো পূজা করি না। এই অবস্থায় ওই রুমে আমার নামাজ কি সহিহ হবে? মূর্তি থাকার কারণে কি রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না? আমার কী করা উচিত? দয়া করে কুরআন ও সহিহ হাদিসের দলিলসহ উত্তর দিলে উপকৃত হব।
মূর্তির উপস্থিতিতে নামাজ পড়ার বিধান
সহিহ বুখারির হাদিসে এসেছে, উমর (রা.) একজন খ্রিস্টানকে বলেছিলেন: (সহী বুখারী হাদিস নং- ৪৩৪)
وَقَالَ عُمَرُtإِنَّا لاَ نَدْخُلُ كَنَائِسَكُمْ مِنْ أَجْلِ التَّمَاثِيلِ الَّتِي فِيهَا الصُّوَرُ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يُصَلِّي فِي الْبِيعَةِ إِلاَّ بِيعَةً فِيهَا تَمَاثِيلُ
’উমার (রাযি.) বলেছেন আমরা তোমাদের গির্জাসমূহে প্রবেশ করি না, কারণ তাতে মূর্তি রয়েছে। ইবনু ’আব্বাস (রাযি.) গির্জায় সালাত আদায় করতেন। তবে যেখানে প্রতিমা ছিল সেখানে নয়।
ইসলামী শরিয়তের নিয়ম অনুযায়ী, যে ঘরে কোনো উপাস্য বা মূর্তির পূজা করা হয়, সেখানে নামাজ পড়া অপছন্দনীয়। মূর্তি সামনে না থাকলেও, একই ছাদের নিচে বা রুমে মূর্তি থাকা নামাজের পরিবেশ ও পবিত্রতাকে ক্ষুণ্ন করে। তাই আপনার নামাজ আদায় হলেও সওয়াব অনেক কমে যাবে।
ওই ঘরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করে?
হাদিসের দলিল: রাসুলুল্লাহ (সা.) বলেছেন: সহিহ বুখারি, হাদিস নং- ৩২২৫
“যে ঘরে কুকুর এবং (প্রাণীর) ছবি বা মূর্তি থাকে, সেই ঘরে (রহমতের) ফেরেশতারা প্রবেশ করেন না।”
বর্তমান পরিস্থিতিতে আপনার করণীয় কী?
আপনার রুমমেট আপুকে অত্যন্ত নম্রভাবে বুঝিয়ে বলুন যে, আপনার ধর্মীয় নিয়ম অনুযায়ী রুমে মূর্তি উন্মুক্ত থাকলে আপনার নামাজে সমস্যা হয়। তাই আপনি যখন নামাজ পড়বেন, তখন মূর্তিটি যেন একটি সুন্দর কাপড় বা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়। অথবা মূর্তিটি যদি একটি আলমারি বা ড্রয়ারের ভেতরে রাখা সম্ভব হয়, তবে সবচেয়ে ভালো হয়।
যদি সম্ভব হয়, তবে হলের বা বাসার অন্য কোনো পবিত্র রুমে, বারান্দায় বা মসজিদে (যদি মহিলাদের নামাজের আলাদা স্থান থাকে) নামাজ আদায় করার চেষ্টা করুন।
যদি কোনোভাবেই মূর্তিটি আড়াল করা সম্ভব না হয় এবং আপনার ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটে, তবে সম্ভব হলে পরবর্তীতে কোনো মুসলিম রুমমেটের সাথে রুম পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন।
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam