দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ
নাজমুল আযম শামীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানবজাতিকে হিদায়াতের জন্য কুরআন নাযিল করেছেন এবং তাঁর প্রিয় রাসূল মুহাম্মাদ (সাঃ)-কে সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদ (সাঃ), তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কিরাম এবং কিয়ামত পর্যন্ত তাঁদের অনুসারীদের প্রতি।
আমি নাজমুল আযম শামীম, ইসলামিক দাওয়াহ ফাউন্ডেশন (IDFBD)-এর প্রতিষ্ঠাতা। জন্ম ও বেড়ে ওঠা ভোলা জেলার লালমোহনে। শৈশব থেকেই ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন, কুরআন ও সহীহ সুন্নাহ অধ্যয়ন এবং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি আমার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহই আজ আমার লেখালেখি, গবেষণা এবং দাওয়াহ কার্যক্রমের মূল প্রেরণা।
বর্তমান যুগে ইসলামের নামে বহু মতভেদ, দুর্বল বর্ণনা, ভিত্তিহীন প্রচলন এবং দলিলবিহীন বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। অনেকেই ইবাদতের সঠিক পদ্ধতি জানতে আগ্রহী হলেও নির্ভরযোগ্য ও সহজ ভাষায় উপস্থাপিত দলিলভিত্তিক গ্রন্থের অভাব অনুভব করেন। সেই প্রয়োজনবোধ থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
“দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ” গ্রন্থে আমি কুরআন এবং সহীহ সুন্নাহর আলোকে ইবাদতের মৌলিক বিধান, দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ মাসআলা এবং ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন বিষয় যথাসম্ভব প্রামাণ্য সূত্রের ভিত্তিতে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোনো বিষয়কে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে নয়; বরং কুরআন, সহীহ হাদিস এবং নির্ভরযোগ্য আলেমদের গবেষণার আলোকে তুলে ধরার আন্তরিক চেষ্টা করেছি। তবুও আমি ভুল ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে নই। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি বা অসংগতি থেকে থাকলে বিজ্ঞ আলেম ও সম্মানিত পাঠকদের সদয় সংশোধনের অনুরোধ রইল।আমার বিশ্বাস, ইসলামের বিশুদ্ধ জ্ঞান কেবল ইবাদতের শুদ্ধতা নিশ্চিত করে না; বরং একজন মানুষকে নৈতিকতা, ইনসাফ, মানবিকতা এবং আল্লাহভীতির আলোকে একটি সুন্দর জীবন গড়তে সহায়তা করে। তাই প্রতিটি মুসলিমের জন্য কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লেখালেখির পাশাপাশি ইসলামিক শিক্ষা, গবেষণা এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। ইসলামী ইতিহাস, ফিকহ, তাফসীর, আকীদাহ এবং সমসাময়িক ইসলামী বিষয়াবলি নিয়ে নিয়মিত অধ্যয়ন ও গবেষণা আমার আগ্রহের অন্যতম ক্ষেত্র। ভবিষ্যতেও ইনশাআল্লাহ দলিলভিত্তিক আরও গবেষণাধর্মী গ্রন্থ রচনার মাধ্যমে উম্মাহর সেবা করে যেতে চাই।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া করি—তিনি যেন আমার এই সামান্য প্রচেষ্টাকে একান্তই তাঁর সন্তুষ্টির জন্য কবুল করেন, এ গ্রন্থকে পাঠকদের জন্য উপকারী ও হিদায়াতের মাধ্যম বানান এবং আমাদের সবাইকে কুরআন ও সহীহ সুন্নাহর উপর অবিচল থাকার তাওফীক দান করেন। আমীন।
وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
“আমার সফলতা একমাত্র আল্লাহরই পক্ষ থেকে। আমি তাঁরই উপর ভরসা করি এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করি।”
সূরা হূদ, আয়াত-৮৮

বইটি লেখার উদ্দেশ্য
(পাঠকের জন্য যা পড়া আবশ্যক)
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানবজাতির জন্য হিদায়াতের আলো পাঠিয়েছেন এবং আমাদের দ্বীনকে সঠিক বুঝার তাওফিক দান করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নাবী মুহাম্মদ সাঃ, তাঁর পরিবার, সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা তার সুন্নাহ অনুসরণ করবে তাদের প্রতি।
আল্লাহ তা’য়ালা মানুষ সৃষ্টির করার মূল উদ্দেশ্য হলো, তার ইবাদাত করা। এই ব্যাপারে আল্লাহ তা’য়ালা পবিত্র কুরআনে স্পষ্ট করে বলেছেন-
وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ
‘আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে’ (সুরা যারিয়াত -৫৬)
আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো যে, আমরা আল্লাহর উদ্দেশ্য আসলেই পুরন করছি কিনা? তাই আল্লাহর ইবাদাত করতে হলে আল্লাহর মনোনিত ধর্ম ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা জরুরী নয় কি? আল্লাহ তায়’য়ালা সুরা আলাকের প্রথম আয়াত নাযিল করে বলেন।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ
‘পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন’ (সুরা আলাক-০১)
উপরোক্ত আয়াত থেকে বুঝা যায় যে, আল্লাহ আ’য়ালা প্রথম নির্দেশ দিয়েছেন তার বান্দাদেরকে, তোমরা পড়। আজ আমরা পড়তে রাজি হইনা। আমরা অন্যের কথা শুনে সেটাকে সঠিক মনে করি।
“দলিলভিত্তিক ইবাদত ও জীবনপথ” বইটি রচনার মূল উদ্দেশ্য ছিল একটি সুস্পষ্ট, বিশুদ্ধ ও নির্ভরযোগ্য দালিলভিত্তিক দিকনির্দেশনা উপস্থাপন করা—যাতে মুসলিম ভাই-বোনেরা তাদের ইবাদত ও দৈনন্দিন জীবন আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তুলতে পারেন। আজকের জ্ঞান-বিভ্রান্তির যুগে দলিলের আলোয় সঠিক ইবাদত শেখা এবং শুদ্ধ জীবনাচার গড়ে তোলার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বইটিতে আমরা কুরআন ও সহীহ হাদীসের ভিত্তিতে বিভিন্ন ইবাদত (নামাজ, যাকাত, রোযা, হজ) ও জীবনপথের গুরুত্বপূর্ণ দিকসমূহ সহজ ভাষায়, সংক্ষিপ্তভাবে ও প্রমাণসহ উপস্থাপনের চেষ্টা করেছি। উদ্দেশ্য একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাঠকদের নিকট সহীহ ইলম পৌঁছে দেয়া।
আমি সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই, এ বই কোনো ব্যক্তিগত মতামত বা দলীয় চিন্তাধারার প্রতিফলন নয়। বরং এটি কুরআন ও সহীহ হাদীসের আলোকেই পথ চলার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। কোথাও যদি ভুল হয়ে থাকে, তা নিছকই “আমার জ্ঞানের সীমাবদ্ধতা ও অনিচ্ছাকৃত ত্রুটি” আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।
আমি ইচ্ছা করলে প্রতিটি দোয়া বা মাসআলার জন্য একাদিক সহী হাদিস এর দলিল দিতে পারতাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি সহীহ হাদিসগুলো পরাস্পর বিরোধী হয়না। একটি মাসয়ালার একাধিক সহীহ হাদিস পাওয়া গেলে যদি একটি অপরটিকে রহিত না করে তাহলে উভয়টি আমল জায়েয হবে। তাই বইটি সংক্ষিপ্ত করার জন্য প্রতিটি দোয়া ও মাসআলার জন্য একটি বা তার অধিক সহীহ হাদিসের দলিল দিয়েছি। আশা করি একজন মুমিন এর জন্য রাসুল (সঃ) এর একটি আমালযোগ্য কথা সহীহ ভাবে পাওয়া মাত্র তার আমল হিসাবে গ্রহন করা উচিত।
পরিশেষে, আমি সকল পাঠককে অনুরোধ করবো, আপনারা বইটি পড়ে যদি কোনো ভুল পেয়ে থাকেন বা কোনো পরামর্শ থাকে, তাহলে তা জানিয়ে সংশোধনের সুযোগ দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমীন।
নাজমুল আযম শামীম
ISLAMIC DAWAH FOUNDATION The truth is revealed to Islam